পিরোজপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় নেতৃবৃন্দ যৌথভাবে এর আয়োজন করেন।
Google News অনুসরণ করুন
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও আয়োজকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শরীফ মহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, পত্তাশী ও জিয়ানগর এলাকার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতি জড়িয়ে রয়েছে। তার দাবি, ১৯৭৮ সালে জিয়াউর রহমান পত্তাশী ইউনিয়নে খাল খনন কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে ২০০২ সালে খালেদা জিয়ার সরকারের সময়ে এ অঞ্চলকে পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে ভবিষ্যতে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন এবং পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ সিকদার।
কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি, জাসাস এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
আয়োজকরা জানান, জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।



