পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে।



