পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে সুবিধাবঞ্চিত ও সাধারণ রোগীদের বিনামূল্যে চোখের সেবা দিতে দিনব্যাপী এক চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
Google News অনুসরণ করুন
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) করিমুনেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা সেবা প্রদান করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এন্ড হাসপাতাল, বরিশাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। কিন্তু সঠিক সচেতনতার অভাব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে গ্রামের এবং শহরের খেটে খাওয়া মানুষরা যখন দৃষ্টিজনিত সমস্যায় ভোগেন, তখন তা কেবল একজন ব্যক্তির কষ্ট নয়, পুরো পরিবারের জন্যই একটি বড় বোঝা হয়ে দাঁড়ায়।
সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আজকে করিমুনেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট—কোনো মানুষ যেন কেবল অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে অন্ধকারে দিন না কাটায়।
আমরা আশা করি, এই ক্যাম্পের মাধ্যমে আজ শত শত মানুষ তাঁদের চোখের সুচিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ পাবেন। ভবিষ্যতে মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের রেদওয়ানুল হক,ইসহাক আলী খান, ফায়জুল্লাহ ইরফান,আব্দুল্লাহ আল ওয়াদুদ।
এছাড়াও স্বেচ্ছায়শ্রম দিয়েছেন মো রেদোয়ানুল করিম রিয়াজ, মেহেদী হাসান, মহিউদ্দন মিল্টন,বেল্লাল হোসাইন সহ অনান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে আসা ২০০টিরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় মানুষদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে আগামীতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



