পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
Google News অনুসরণ করুন
সোমবার (১৪ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নেন।
জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা—এই চারটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী ধাপে বরিশালে অনুষ্ঠিতব্য উপ-আঞ্চলিক প্রতিযোগিতায় পিরোজপুর জেলার প্রতিনিধিত্ব করবে। সেখানে ভালো ফলাফল অর্জন করতে পারলে আঞ্চলিক এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তী ধাপে ভালো ফলাফল অর্জন করে পিরোজপুরের সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।



