পিরোজপুর প্রতিনিধি:
দেশে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
Google News অনুসরণ করুন
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম তহিদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা।
সভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে রাজপথের আন্দোলন দমিয়ে রাখা সম্ভব হবে না বলেও তারা বক্তব্য দেন।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে জেলা ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



