পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৩৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Google News অনুসরণ করুন
৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানি থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ জিয়াউর রহমান (৪৫)-কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার মীরসরাই থানার রাজাপুর (মিঠানালা রাজাপুর) এলাকার মোঃ জেবল হক ও ছেমনা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকালে আসামির হেফাজত থেকে ২৩৬ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,১৮,৭৪৫/- (এক লক্ষ আঠারো হাজার সাতশত ৪৫) টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের চালানের মূল উৎস ও স্থানীয় সহযোগী অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
ইন্দুরকানী থানা সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিচারালয়ে প্রেরণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, পিরোজপুর জেলায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।



