পিরোজপুর শহরের গুরুত্বপূর্ণ সিও অফিস মোড় এলাকায় জনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন। পিরোজপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখারুল ইসলাম শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সিও অফিস মোড় ও এর আশপাশের ব্যস্ত সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করা হয়। ট্রাফিক আইন অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান করা হয়।
Google News অনুসরণ করুন
এ সময় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এ মোড়ে যানজটের কারণগুলো সরেজমিনে পরিদর্শন করেন নবাগত ইউএনও। পাশাপাশি সড়কের ওপর অবৈধ দখল ও অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের সড়ক ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন মেনে চলার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযানকালে উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, “সিও অফিস মোড় পিরোজপুর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। সর্বসাধারণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সদর উপজেলা প্রশাসনের এমন অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



