পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
Google News অনুসরণ করুন
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মোকছেদুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও দৈনন্দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে পুলিশ সুপার নিয়মিত ছুটি, উন্নত আবাসন ব্যবস্থা, কর্মস্থলের সার্বিক পরিচ্ছন্নতা, সময়োপযোগী চিকিৎসাসেবা এবং মানসম্মত খাবার নিশ্চিত করার ওপর জোর দেন।
এ ছাড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি। দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, পুলিশ লাইন্সের আরআই, রিজার্ভ অফিসের আরও-১, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।



