বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:
ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
Google News অনুসরণ করুন
আজ (বুধবার) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ বিজ্ঞ জেলা জজ মহোদয়ের বাসভবন সংলগ্ন পুকুর ও আশেপাশের এলাকায় এই নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
অভিযান চলাকালে সরজমিনে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রাব্বানী এবং পিরোজপুর পৌরসভার প্রশাসক মামুন মাহমুদ।
অভিযানকালে জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু মশা মূলত পরিষ্কার স্থির পানিতে জন্মায়। তাই ঘরের আশেপাশে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা বা যেকোনো স্থানে পানি জমে থাকলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে।”
পৌরসভার প্রশাসক মামুন মাহমুদ জানান, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি সকল নাগরিককে এসব কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন পরিচ্ছন্নতা অভিযান তাদের এলাকার পরিবেশ পরিষ্কার রাখতে সহায়তা করবে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াবে।
উল্লেখ্য, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। বর্ষাকালে এই মশার বংশবৃদ্ধি বেড়ে যাওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়ে যায়। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানি জমতে না দেওয়া অত্যন্ত জরুরি।



