কাহালুর কাজীপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যান
বগুড়ার কাহালু উপজেলায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Google News অনুসরণ করুন
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে মাছ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান নওগাঁয় মাছ খালাস করে বগুড়ার দিকে ফিরছিল। একই সময়ে বিপরীত দিক থেকে বগুড়া থেকে নওগাঁগামী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়ক দিয়ে যাচ্ছিল।
যাত্রাপথে পিকআপটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক, তাঁর সহকারীসহ পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি বাকি তিনজনের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



