পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
Google News অনুসরণ করুন
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় বরিশালগামী টোলপ্লাজার সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে ডিবি পুলিশের সদস্যরা। একপর্যায়ে অভিযান পরিচালনা করে মো. তাজেল হাওলাদার ও মো. কবির খলিফাকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে মো. তাজেল হাওলাদারের কাছ থেকে ৫০ পিস এবং মো. কবির খলিফার কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানের পর উদ্ধার করা ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধ এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি, মাদক সরবরাহকারী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদকের সঙ্গে জড়িতসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক নির্মূলের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।



