পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর শহরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনের অংশ হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিরোজপুর পৌরসভার বাস্তবায়নাধীন পালপাড়া সড়কের রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপনকাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। তিনি নির্মাণসামগ্রীর গুণগত মান, নির্ধারিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।
Google News অনুসরণ করুন
জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে টেকসই ও মানসম্মতভাবে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ড্রেন নির্মাণে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত এবং নির্মাণকাজ চলাকালে পথচারী ও স্থানীয়দের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এছাড়া শহরের সিগনেচার রোডের বর্ধিতাংশের ৩০০ মিটার এলাকায় এডিপির আওতায় নির্মিতব্য আরসিসি রাস্তা, ড্রেন ও ফুটপাত নির্মাণকাজ শুরুর বিষয়টিও তদারকি করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিকল্পিত ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শহরের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। উন্নত সড়ক, কার্যকর পানি নিষ্কাশন, পর্যাপ্ত ফুটপাত ও আধুনিক সড়কবাতি একটি জনবান্ধব শহরের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
এ সময় পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন, নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



