পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর পদোন্নতি উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেছে পিরোজপুর সাংবাদিক ফোরাম।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বপালনকালীন সময়ের বিভিন্ন কর্মময় স্মৃতি, নিষ্ঠা ও সততার কথা আবেগঘন পরিবেশে তুলে ধরেন উপস্থিত বক্তারা। বক্তারা বলেন,মামুনুর রশীদ পিরোজপুরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে স্থানীয় সংবাদকর্মীদের সাথে তাঁর আন্তরিক পেশাগত সম্পর্ক এবং পিরোজপুরের সার্বিক উন্নয়নে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাঁর এই পদোন্নতি কর্মজীবনের এক অনন্য স্বীকৃতি এবং নতুন কর্মস্থলে তিনি একইভাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন ”পিরোজপুর সদর উপজেলায় দায়িত্বপালনকালীন প্রতিটি মুহূর্ত আমার জন্য অত্যন্ত অর্থবহ ও স্মরণীয় হয়ে থাকবে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই ছিল আমার মূল লক্ষ্য।এই যাত্রায় পিরোজপুরের সংবাদকর্মীদের কাছ থেকে যে গঠনমূলক সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় প্রশাসনের কাজের খবর জনসাধারণের কাছে পৌঁছে দিতে পিরোজপুর সাংবাদিক ফোরাম সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পিরোজপুরের মানুষ ও এই মাটির প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। আমার পদোন্নতিজনিত এই নতুন পথচলায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সাথে দেশের সেবা করে যেতে পারি।”
অনুষ্ঠানে
পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলাম,পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।
এসময় আরো উপস্থিত ছিলেনসহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম মামুন,যুগ্ম সাধারন সম্পাদক কে এম শামীম রেজা,দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ,কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন ফরাজী,কার্যনির্বাহী সদস্য এম এ জলিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে পিরোজপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ-কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।



